পেরুতে নবজাতকদের নামকরণে জনপ্রিয়তার শীর্ষে আর্লিং হালান্ড – DesheBideshe

পেরুতে নবজাতকদের নামকরণে জনপ্রিয়তার শীর্ষে আর্লিং হালান্ড – DesheBideshe


পেরুতে নবজাতকদের নামকরণে জনপ্রিয়তার শীর্ষে আর্লিং হালান্ড – DesheBideshe

লিমা, ১৪ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের অনবদ্য পারফরম্যান্সের প্রভাব এখন মাঠের বাইরেও দৃশ্যমান। পেরুতে ফুটবল ভক্তদের মধ্যে তার জনপ্রিয়তা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, বহু নতুন মা-বাবা তাদের নবজাতক সন্তানদের নাম রাখছেন এই ফুটবলারের নামে।

দেশটির জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে হালান্ডের নামে শিশুদের নামকরণের এই প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে নরওয়ে যখন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, তখন এই জোয়ার আরও তীব্র হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে চার ম্যাচে সাত গোল করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নিবন্ধন দপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৮টি নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড এবং ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে আর্লিং হালান্ড। দপ্তরের মুখপাত্র ইভান তোরেস জানান, পেরুর মানুষের কাছে ফুটবল তারকারা সন্তানদের নামকরণে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।

ফুটবল তারকার নামে নামকরণের এই তালিকায় হালান্ড ছাড়াও অন্যান্যরা রয়েছেন। পেরুতে ৩ হাজার ৪০২ জনের নাম রাখা হয়েছে মেসি এবং ১ হাজার ১৮৫ জনের নাম রাখা হয়েছে রোনালদো।

এছাড়া তরুণ তুর্কি লামিন ইয়ামালের নাম পেয়েছে ১ হাজার ২৪১ জন। তবে এই তালিকায় একক আধিপত্য বজায় রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার নামে পেরুতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮০৯ জন শিশুর নাম রাখা হয়েছে।

এস এম/ ১৪ জুলাই ২০২৬



Scroll to Top