পাকিস্তান, ৫ ফেব্রুয়ারি – পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও দেখা যাবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের জন্য লাহোর কালান্দার্স তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। জানা গেছে, এই চুক্তির আর্থিক মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল যে তিনি পিএসএলের দিকে ঝুঁকতে পারেন। অবশেষে নিলামের আগেই পুরনো দল লাহোর কালান্দার্সের ডেরায় ফিরলেন এই তারকা পেসার। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাত করেছিলেন মুস্তাফিজ।
ফলে লাহোরের পরিবেশ তার জন্য নতুন কিছু নয় বরং এটি তার কাছে ঘরে ফেরার মতোই। দলটির মালিক সামীন রানা মুস্তাফিজকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন যে মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন বরং তাদের পরিবারেরই অংশ। সামীন রানা বলেন, “মুস্তাফিজ এমন একজন যিনি কখনোই আমাদের ছেড়ে যাননি। তাকে আবারও ড্রেসিংরুমে পেয়ে আমরা আনন্দিত। শিরোপা ধরে রাখার মিশনে তার অভিজ্ঞতা ও নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে।”
লাহোর কালান্দার্স ইতোমধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের ধরে রেখেছে। এবার মুস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এবারের আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





