ঢাকা, ১৭ মার্চ – পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পঞ্চম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি। সেখানে তার সতীর্থ হিসেবে থাকবেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। সোমবার রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে শরিফুলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পেশোয়ার জালমি তাদের পোস্টে শরিফুলের ছবি যুক্ত করে লেখে, হলুদ জার্সিধারী দল তাকে পেয়ে আরও শক্তিশালী হলো।
বাংলাদেশ এক্সপ্রেসখ্যাত এই বাঁহাতি পেসার পিএসএল মাতাতে প্রস্তুত। গতি ও শক্তিতে জালমি পরিবারে তাকে স্বাগত জানানো হয়। আকর্ষণীয় বিষয় হলো, স্বাগত জানানোর বার্তাটি রোমান হরফে বাংলায় লেখা ছিল। আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারের আসরে বাংলাদেশের মোট পাঁচজন ক্রিকেটার অংশ নিচ্ছেন। শরিফুল ও নাহিদ রানা ছাড়াও লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে রাওয়ালপিন্ডির জার্সি গায়ে জড়াবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উদ্বোধনী দিনে অর্থাৎ ২৬ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মাঠে নামবে।
ফলে টুর্নামেন্টের প্রথম দিনেই মুস্তাফিজ ও ইমনের খেলার সম্ভাবনা রয়েছে। ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন রিশাদ, রানা এবং শরিফুল। পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডির মধ্যকার এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থরা একে অপরের বিপক্ষে লড়বেন। একইভাবে মুস্তাফিজ ও ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার এবং রাওয়ালপিন্ডির। উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেন শরিফুল ইসলাম। চট্টগ্রাম রয়্যালসের হয়ে দলকে ফাইনালে নিতে বড় ভূমিকা রাখেন তিনি। ১২ ইনিংসে মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে রেকর্ড ২৬টি উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।
এস এম/ ১৭ মার্চ ২০২৬






