রাজু ভাস্কর্যে আজকের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেন, ‘ছাত্র ইউনিয়নে নতুন করে সাহসের সঞ্চার হয়েছে। ছাত্র ইউনিয়ন যতক্ষণ জনগণের পক্ষে লড়াই করবে, সেই লড়াইয়ের সঙ্গে আমরা সবাই থাকব। তাদের তিন দফা দাবির প্রতি সংহতি জানাচ্ছি। পাহাড়ে নৃশংসভাবে যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ বহুদিন ধরে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে। আওয়ামী লীগের পতন অচিরেই হবে।’ ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সাম্প্রতিক হামলার তদন্ত ও বিচার দাবি করেন তিনি।




