সর্বোচ্চ ২৬ রানের জুটি হয়েছে দশম উইকেটে মোহাম্মদ আব্বাস–মোহাম্মদ আলীর মধ্যে। দুই বোলারের জুটিটি টিকেছে ইনিংস সর্বোচ্চ ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান বাবর–সৌদ শাকিলের পঞ্চম উইকেটে।
ইনিংসের শুরুতেই খেই হারিয়ে ফেলা পাকিস্তান পাঁচ উইকেট হারায় ৪৮ রানে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের পর ৫০–এর আগে পাকিস্তানের অর্ধেক উইকেট গেল এই প্রথম। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সব মিলিয়ে ১১ জনের আটজনই আউট হয়েছে দশ রানের কমে।
দুই টেল এন্ডারের আগে পাকিস্তানের ইনিংসে যা একটু ব্যাটিং করেছেন সৌদ শাকিল। ৬ নম্বরে নামা এই বাঁহাতি প্রতি–আক্রমণে রান তোলার চেষ্টা করেছেন। জশ টাংয়ের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বলে ৭ চারে করেছেন ৪৩ রান।
ইংল্যান্ডের হয়ে টাং নেন ৪২ রানে ৪ উইকেট। রবিনসন ও আর্চারের শিকার ৩টি করে।
