পাকিস্তানে শেষ বলে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল – Sarabangla

পাকিস্তানে শেষ বলে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল – Sarabangla

শেষ বল পর্যন্ত লড়াই জমিয়ে রেখেও শেষ হাসিটা হাসতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়ে লড়াই জমালেও জিততে পারেনি সাদিয়া ইসলামের দল। লংকানদের বিপক্ষে শেষ পর্যন্ত হেরেছে ৪ উইকেটে।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও জয়ের সম্ভবনা জাগিয়েছিল। তবে হারতে হলো গিয়ে শেষ বলে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংসে শুরুটা ছিল নড়বড়ে। দ্বিতীয় ওভারেই মাইমুনা নাহের ১ রান করে ফেরেন। অচেনা জান্নাত করেন ১৬। বিবি আয়েশা ফেরেন কোনো রান না করেই। এরপর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নিশি ৩৫ বলে ২৬ রান করে ফিরলে বাংলাদেশের রানকে লড়াইয়ের পর্যায়ে নিয়ে যান সাদিয়া।

মাত্র ২২ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। পরে সাদিয়া আক্তারের ১৮ ও ফারজানা ইয়াসমিনের ৬ রানে ভর করে ১১৯ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

পরে বোলিংয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নেটমিকে ৪ রানে ফেরায় বাংলাদেশ। তবে এরপর সাঞ্জানা কাভিন্দি ও সঙ্গী ব্যাটাররা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। কাভিন্দি একপ্রান্ত আগলে রেখে ৪৮ রান করেন ৪৬ বলে। তাঁর ইনিংসেই মূলত জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা।

তবে শেষ দিকে ম্যাচ আবারও জমে ওঠে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শেষ বল পর্যন্ত লড়াইয়ে ছিল। ১৯.৫ ওভারে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট পড়ে যায়। তবে শেষ বলে জয় নিশ্চিত করেছেন লংকানরা।

বাংলাদেশের হয়ে বল হাতে নিশিতা আক্তার নিশি নেন ২ উইকেট। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম পেয়েছেন একটি করে উইকেট।

তিন দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ১৬ অক্টোবরের ফাইনালে।

Scroll to Top