ঢাকা, ১৬ মার্চ – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় এবং ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ১৫ মার্চ রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে প্রমাণ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের এই দুর্দান্ত পারফরম্যান্স পুরো জাতিকে ব্যাপকভাবে গর্বিত করেছে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, তরুণ ক্রিকেটারদের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও বেশি সুদৃঢ় হবে।
মিরপুর স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৯০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস ২৭৯ রানে থেমে যায় এবং বাংলাদেশ ১১ রানের এক দুর্দান্ত জয় লাভ করে। এই জয়ের ফলে ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬






