পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় আরও ৩৬ জনের সাজা হয়েছে। দণ্ডিতদের বেশির ভাগ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী। এঁদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান অন্যতম।
গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলা দুটির রায় দেন।
এ নিয়ে গত পাঁচ মাসে ঢাকার বিভিন্ন আদালতে ৯৭ মামলায় ১ হাজার ৫৩২ জনের সাজা হলো।
এ ছাড়া ২০১৩ সালে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার একটি মামলার রায়ে গতকাল ২৪ আসামির সবাই খালাস পেয়েছেন। মামলাটির রায় দেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।




