পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দিয়ে তিন জোড়া বেঞ্চ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
স্কুল সূত্রে জানা যায়, গতকাল রাতে স্কুলের শ্রেণিকক্ষ বন্ধ করে চলে যাওয়ার পরে শনিবার (৬ জানুয়ারি) সকালে স্কুলের পূর্ব পাশের হলরুমে শ্রেণিকক্ষে জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। নৈশ প্রহরী মো. ফারুক মৃধা প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।
নৈশ প্রহরী মো. ফারুক মৃধা বলেন, ‘সকালে আমি স্কুল মাঠে হাটছিলাম, হঠাৎ কাঠ পোড়া ধোয়ার গন্ধ পাই, পরে পশ্চিম পাশের জানালা দিয়া চাইয়া দেহি ভিতরে আগুন লাগজে। আমি লগে লগে একটা জগ আইন্না দরজা খুইলা আগুন নেভাই। পরে আমি স্কুলের প্রধান শিক্ষকে বিষয়টা জানাই।’
শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, ‘আজ সকালে আমার বিদ্যালয়ের নৈশ প্রহরী মাধ্যমে আমি জানতে পারি বিদ্যালয়ে হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। আমি শোনামাত্র স্কুলে ছুটে আসি, এবং স্কুলে আসার পথেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক স্যার কে জানাই। তিনি আমার স্কুল সরাসরি এসে পরিদর্শন করেন।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ‘আমি বিষয়টি জানি এবং জানামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে খুবই সামান্যতম আগুন লেগেছে এতে আমাদের নির্বাচনের কাজে কোন ব্যাঘাত ঘটবে না। তবুও বিদ্যালয় কতৃপক্ষের মাধ্যমে থানায় জিডি করা হয়েছে।’


