তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে গেলেও পঞ্চগড়ে সকাল ৯টার পর থেকেই আছে ঝলমলে রোদ।
এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলে তা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়। এর পরপরই শিক্ষা কর্মকর্তারা জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এ বার্তা পৌঁছে দিয়ে ছুটির ঘোষণা দিতে বলেন।
আজ সকালে পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কালেজিয়েট ইনস্টিটিউট, দেওয়ানহাট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা ছুটির ঘোষণা পেয়ে বাড়িতে ফিরে যায়।
দেওয়ানহাট উচ্চবিদ্যলয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুইটি আক্তার বলে, ‘আমরা সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে এসে জানতে পারি, শীতের কারণে আমাদের স্কুল তিন দিনের বন্ধ দিয়েছে। এরপর আবার শুক্র ও শনিবার থাকায় স্যারেরা আমাদের একেবারে রোববার স্কুলে আসতে বলেছেন। এখন আমরা বাড়িতে যাচ্ছি।’


