বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তার মাঠে নামার সম্ভাবনা ততোই কমছে। শেষ পর্যন্ত নেইমার এবারের ফিফা বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কিনা, সে নিয়েই চলছে জল্পনা কল্পনা। এসবের মধ্যে ফ্রান্স তারকা ও নেইমারের সাবেক পিএসজির সতীর্থ কিলিয়ান এমবাপে বলছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারছেন না তিনি!
আগামীকাল ভোরে বস্টনে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে ফ্রান্স। তবে এই ম্যাচে নেই নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে। ব্রাজিলের ইতিহাসের সফলতম গোল স্কোরারের বিশ্বকাপ ভাগ্যও অনিশ্চিত। কোচ কার্লো আনচেলত্তি বারবার বলে আসছেন, শতভাগ ফিট হলেই কেবল নেইমারকে দলে নেবেন তিনি।
ম্যাচের আগে এমবাপে বলছেন, নেইমারকে ছাড়া এই ব্রাজিল স্কোয়াড অসম্পূর্ণ, ‘ভিনিকে এখন জাতীয় দলের হয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, কিন্তু নেইমার তো নেইমারই। সে অসাধারণ এক ফুটবলার। ফিফা বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। সব তারকার সেখানে থাকবেন এবং আমার মতে নেইমার সর্বকালের সেরাদের একজন।’
নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাও করতে পারেন না এমবাপে, ‘নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। কিন্তু শেষ পর্যন্ত আমি তো আর আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে যেতে পারি না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে আমার। আমার মতে, নেইমার এমন একজন, যে পার্থক্য গড়ে দিতে পারে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি তার সঙ্গে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন দেখতে হবে সে কেমন আছে। কিন্তু আমি তাকে চিনি। সে প্রস্তুত থাকবে, সে ঠিকই মাঠে নামবে।’




