ইসলামবাদ, ২৩ জানুয়ারি – কারাগারে আটক সাবেক তথ্যমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বর্তমান সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনী প্রক্রিয়া ‘ভুয়া’ অভিহিত করে তিনি বলেছেন, তিনি ও তার ‘গ্রুপ’ আসন্ন নির্বাচন ‘সম্পূর্ণভাবে বয়কট’ করছেন। তবে গ্রুপ বলে তিনি কোন গ্রুপের কথা বলেছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।
সোমবার (২২ জানুয়ারি) কারাগার থেকে নির্বাচন কমিশনকে (ইসিপি) লেখা এক হাতেলেখা চিঠিতে জাতীয় নির্বাচন বয়কটের বিষয়টি জানিয়েছেন তিনি।
এদিকে ফাওয়াদ চৌধুরীর চিঠিটির একটি ছবি ফাওয়াদ চৌধুরীর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তার ভাই ফয়সাল হুসাইন। চিঠিতে ফাওয়াদ বলেছেন যে, ‘এই পরিস্থিতিতে আমার গ্রুপ ও আমি এই নির্বাচন সম্পূর্ণ বয়কট করার ঘোষণা দিচ্ছি।’
উল্লেখ্য, ফাওয়াদ পিটিআই’র শীর্ষ নেতাদের একজন। তিনি ইমরান খানেরও ঘনিষ্ঠ ছিলেন। তবে গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে নেতাকর্মীদের সহিংসতার পর দল ত্যাগ করার ঘোষণা দেন সাবেক এই তথ্যমন্ত্রী।
সেই সময় ফাওয়াদ আরও বলেন, রাজনীতি থেকে ‘ছুটি নিচ্ছেন’ তিনি। এরপর পরের মাসেই তাকে জাহাঙ্গির খান তারিনের নেতৃত্বে ইশতেখাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়। তবে তিনি আইপিপিতে যোগ দিয়েছেন কিনা সে ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। সে সময় আইপিপিতে পিটিআই’র কয়েকজন নেতাকেও যোগ দিতে দেখা যায়।
এরপর দুর্নীতির অভিযোগে গত বছরের নভেম্বরে ফাওয়াদকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টিকে সমর্থন দিতে ইমরান খানের দল পিটিআই-এর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। আগামী নির্বাচনে পিএমএল-এন ও পিপিপির মধ্যে লড়াই হবে বলেও জানান তিনি। অন্যদলগুলোও প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
জাতীয় নির্বাচন ঘিরে উৎসবের আমেজ পাকিস্তানজুড়ে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। সোমবার চিঠিতে ফাওয়াদ আরও বলেছেন, গত বছর খায়বার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক নির্বাচন ঠিক মতো আয়োজন করতে ব্যর্থ হয়েছে ইসিপি।
এদিকে আসন্ন নির্বাচন সামনে করে রোববার (২১ জানুয়ারি) লাহোর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। আসন্ন নির্বাচনে পিপিপিকে জয়ী করতে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এবারের নির্বাচনে লড়াই হবে পিপিপি বনাম পিএমএল-এন এর মধ্যে বলে উল্লেখ করেন বিলাওয়াল। আর তাই ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক ই ইনসাফ বা পিটিআই সমর্থকদের পিপিপিকে সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে, ঘৃণার রাজনীতি নয় পাকিস্তানে নতুন ধারার রাজনীতির চর্চার কথাও বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪





