
যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আইনি চাপে পড়েছে দুই প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও টিকটক। নিউ মেক্সিকোতে প্রতারণামূলক কর্মকাণ্ডের মামলায় ফেসবুককে দায়ী করেছে একটি জুরি। অন্যদিকে, একই দিনে আলাবামায় একটি মামলার নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে রাজি হয়েছে টিকটক ও এর চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
শুক্রবার নিউ মেক্সিকোর একটি জুরি রায়ে জানায়, ফেসবুক রাজ্যের ভোক্তা সুরক্ষা আইনের একটি ধারা লঙ্ঘন করেছে যার জরিমানা ৪ কোটি ৩০ লাখ ডলার। একই দিনে টিকটক বাইটড্যান্স আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। রাজ্যটিতে তাদের বিরুদ্ধে নির্ধারিত বিচারের কয়েক দিন আগেই এই সমঝোতা হলো।
আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় টিকটকের বিরুদ্ধে অভিযোগ করেছিল, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে ব্যবহারকারীরা এতে আসক্ত হয়ে পড়েন। একই সঙ্গে অ্যাপটির নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়।

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও একই ধরনের অভিযোগে মামলা চলছে।
নিউ মেক্সিকোর মামলার কেন্দ্রবিন্দুতে ছিল ফেসবুকের ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়টি।
মেটার মালিকানাধীন ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি তথ্য ফাঁসের ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছিল। তৃতীয় পক্ষের একটি ব্যক্তিত্ব যাচাইয়ের কুইজের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ প্রোফাইলের তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছিল, যাতে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন তৈরি করা যায়।
ওই প্রতিষ্ঠানটির নাম ছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা। প্রতিষ্ঠানটি পরে বন্ধ হয়ে যায়।
ক্যামব্রিজ অ্যানালিটিকা এসব তথ্য ব্যবহার করে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণাকে সহায়তা করেছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ব্রেক্সিটপন্থী একটি গোষ্ঠীর সঙ্গেও কাজ করার পরিকল্পনা করেছিল।
নিউ মেক্সিকোর জুরি বলেছে, এই কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহকারী তৃতীয় পক্ষগুলোর বিরুদ্ধে তদন্তের বিষয়ে ফেসবুক জনসাধারণকে বিভ্রান্ত করেছিল।
শুক্রবার নিউ মেক্সিকোর বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই রায় রাজ্যের ভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় এবং বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানিকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হয়েছে।
জুরি আরও বলেছে, নিউ মেক্সিকোর ২০ লাখের বেশি মানুষের তথ্য সুরক্ষার বিষয়ে ফেসবুক বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করেছিল।
তবে মেটার মুখপাত্র অ্যালেক্স বার্গোস এই রায়ের সঙ্গে দ্বিমত জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে পাঠানো এক ই-মেইলে তিনি বলেন, তারা রায়ের সঙ্গে একমত নন এবং নিজেদের অবস্থান রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবেন।
নিউ মেক্সিকোর রায়ের আগে গত আগস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে একটি মামলায় ১৮০ কোটি ডলার দেওয়ার বিষয়ে সমঝোতা করেছিল মেটা।
ক্যামব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় নিউ মেক্সিকোই একমাত্র অঙ্গরাজ্য, যারা মামলা চালিয়ে গেছে। তবে ১৩০ পৃষ্ঠার ওই সমঝোতা চুক্তিতে এমন একটি শর্ত ছিল, যার ফলে ভবিষ্যতে ওই কেলেঙ্কারি নিয়ে মেটার বিরুদ্ধে দায় নির্ধারণের সুযোগ সীমিত হয়ে যায়।
আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের কার্যালয় গত বছর টিকটকের বিরুদ্ধে মামলা করে।
মামলায় অভিযোগ করা হয়, টিকটকের অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের কাছে ক্রমেই বেশি সহিংস কনটেন্ট দেখাচ্ছিল।
এর ফলে কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংকট বাড়ছিল এবং এ-সংক্রান্ত জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছিল।
আলাবামা আরও অভিযোগ করে, অ্যাপ স্টোরে টিকটককে কিশোরদের জন্য নিরাপদ হিসেবে দেখানোর জন্য প্রতিষ্ঠানটি অনুপযুক্ত কনটেন্টে প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে মিথ্যা দাবি করেছে।
এ ছাড়া চীনা সরকারের কাছে যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য পৌঁছানোর সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও প্রতিষ্ঠানটি জনসাধারণকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করা হয়।
আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, সমঝোতার আওতায় রাজ্যটি কমপক্ষে ১০ কোটি ডলার পাবে। আগামী ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে।
তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আলাবামা সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত পেতে পারে।
সমঝোতার অংশ হিসেবে টিকটক কিছু নতুন ব্যবস্থা চালু করতে রাজি হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রতিদিন টিকটক ব্যবহারের জন্য দুই ঘণ্টার সময়সীমা, ১৫ মিনিট ব্যবহারের পর ব্যবহারকারীকে বিরতি নেওয়ার জন্য সতর্ক করা, ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থা আরও উন্নত করা।
টিকটকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও ২৭টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি মামলা করেছে।
এর আগে শিশুদের গোপনীয়তা রক্ষায় কেন্দ্রীয় আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের একটি সমঝোতায় পৌঁছেছিল টিকটক।
ফেসবুক ও টিকটকের বিরুদ্ধে চলমান এসব মামলা যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ব্যবহারকারীর তথ্য, শিশু-কিশোরদের নিরাপত্তা এবং প্ল্যাটফর্মের নকশা নিয়ে আইনি ও সরকারি নজরদারি বাড়ার বিষয়টি সামনে এনেছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




