করাচী, ২৩ মার্চ – আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের ছয়জন ক্রিকেটার। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্টটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে পিএসএলের আয়োজনে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ছয়টি শহরে খেলা হওয়ার কথা থাকলেও বর্তমানে সব ম্যাচ কেবল লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, প্রতিদিন স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার দর্শক সমাগম নিয়ন্ত্রণ করা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কঠিন। তাই চলমান সংকট না কাটা পর্যন্ত মাঠে দর্শকের প্রবেশ বন্ধ রাখা হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত লাহোরে প্রথম ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত করাচিতে ১৫টি ম্যাচ হবে। ২১ এপ্রিল থেকে ম্যাচগুলো আবারও লাহোরে ফিরে যাবে।
কোয়ালিফায়ার রাউন্ডের খেলা ২৮ এপ্রিল করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের পিএসএলে বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ের মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন। অন্যদিকে নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬






