
লন্ডন, ৬ আগস্ট – এডি হাউয়ের বিদায়ের পর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্মানির মাতিয়াস জেইসলে। ৩৮ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ইতিমধ্যে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে স্পেনের লা মাঙ্গায় দলের প্রাক মৌসুম প্রশিক্ষণ ক্যাম্পে ফুটবলারদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তাকে দায়িত্ব দিতে সৌদি আরবের ক্লাব আল আহলিকে ৯ মিলিয়নের বেশি পাউন্ড ক্ষতিপূরণ প্রদান করেছে নিউক্যাসেল।
আগামী ২৩ আগস্ট সেন্ট জেমসেস পার্কে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর মাত্র ১৮ দিন আগে ক্লাবের দায়িত্ব নিলেন জেইসলে। এক বিবৃতিতে জেইসলে জানান, নিউক্যাসেল ইউনাইটেডের মতো একটি ক্লাবের প্রধান কোচ হওয়া অত্যন্ত সম্মানের। ইউরোপীয় ফুটবলের এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাস ও বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে।
ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা তাকে এখানে আসতে অনুপ্রাণিত করেছে। এর আগে আরবি সালজবার্গকে টানা দুটি অস্ট্রিয়ান লিগ শিরোপা জেতানোর সাফল্য রয়েছে তার ঝুলিতে। ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দিয়ে আল আহলিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান তিনি।
নিউক্যাসলের প্রধান নির্বাহী ডেভিড হপকিন্সন জানান, দীর্ঘ ও যাচাই বাছাই প্রক্রিয়ার পর জেইসলেকে সেরা প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী ৮ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে নিউক্যাসলের হয়ে ডাগআউটে অভিষেক হবে এই জার্মান কোচের।
এস এম/ ৬ আগস্ট ২০২৬






