
৩০ অক্টোবর-মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৫ রানে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ইনিংসেই টেস্ট ক্রিকেটে নিজের ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন নাঈম।
দিনের শুরুতে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে অধিনায়ক রোস্টন চেজ দৃঢ়তার সঙ্গে উইকেট আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
তবে বিরতির পর বাংলাদেশের বোলারদের সামনে আর টিকতে পারেনি ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। বিশেষ করে নাঈম হাসানের ঘূর্ণিতে দ্রুত ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের চার উইকেটের মধ্যে তিনটিই তুলে নেন এই স্পিনার।
মাত্র ৩২ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রানেই শেষ হয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম হাসান। ৩৩ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এদিন শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। বাংলাদেশের দশম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬





