স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’-এর এক যুগপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী ১৫ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে যুগপূর্তির উদ্বোধন ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের এক যুগের পথচলা, অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ড্যাব এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী।






