নদীর তলদেশে নির্মিত মেট্রোরেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

নদীর তলদেশে নির্মিত মেট্রোরেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

ভারতের কলকাতায় দেশটির প্রথম নদীর তলদেশে নির্মিত মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ৬ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছু আগেই ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইন মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা দেখিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও কলকাতার আরও দু’টি রুটের সম্প্রসারিত অংশের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এরপর স্কুল শিক্ষার্থীদের সাথে নিয়ে গঙ্গার নীচ দিয়ে মেট্রোতে যাত্রা করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে যাত্রাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

Reneta April 2023

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোরেলের রুটে গঙ্গার তলদেশের অংশটি ৫২০ মিটার দীর্ঘ। যখন গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাবে, তখন যাত্রীরা যাতে সেটা বুঝতে পারেন, তার জন্য টানেলে নীল আলো জ্বলবে। হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরের যে কোনও জায়গায় পৌঁছে যাওয়া যাবে মেট্রোরেলে করে।

Scroll to Top