দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপ্তি হচ্ছে আজ। গত ২০ জুলাই শুরু হওয়া এই পর্বে দেশের ১০টি অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন। সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাপনী দিনের সূচিতে রয়েছে ফুটবলের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন প্রধানমন্ত্রী। ওই ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এরপর তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন।
খেলা শেষে প্রদর্শিত হবে নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। সভাপতির বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্য প্রদান করবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার বিতরণ শেষে বিজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে ফটোসেশনেও অংশ নিবেন প্রধানমন্ত্রী।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে পরিকল্পনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষরাছাইপর্ব শেষে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।




