নতুন কুঁড়িতে আলোচিত স্মৃতি কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়িতে আলোচিত স্মৃতি কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি ফুটবল প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসা স্মৃতি কিসকুর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দরিদ্র পরিবারের এই প্রতিভাবান ফুটবলারের মায়ের জন্য চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের বাসভবনে স্মৃতি কিসকুর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং স্মৃতি কিসকুর মায়ের হাতে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন তুলে দেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্মৃতি কিসকুর মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্মৃতি কিসকুর পরিবারের জন্য একটি ঘর নির্মাণ এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি সামনে আসে। সেই খবর জানার পরই তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সরকার সবসময় আন্তরিক। প্রতিভা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, সে জন্য সম্ভাবনাময় ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Scroll to Top