ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

ঢাকা: বিয়ের প্রলোভন দেখিয়ে গুলশানের একটি হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তাকে জামিন দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি।

তবে শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে ফেসবুকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় হয়। এরপর মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে তোফায়েল প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা প্রত্যাখ্যান করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তোফায়েল। পরবর্তীতে শিগগিরই বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় পরবর্তীতে গত বছরের ১ আগস্ট ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তোফায়েল। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে আবারও জামিন দেওয়া হয়।

Scroll to Top