দ্য হান্ড্রেডের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন মুস্তাফিজুর রহমান – DesheBideshe

দ্য হান্ড্রেডের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন মুস্তাফিজুর রহমান – DesheBideshe

ইংল্যান্ড, ১৩ মার্চ – ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ২০২৬ মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

প্রথমবারের মতো আয়োজিত এই নিলাম থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। এর মধ্য দিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পাওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

তার ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার সমান। এর আগে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ক্রিকেটার বাছাই করা হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। তবে ২০২৬ সালের আসরের জন্য প্রথমবারের মতো নিলাম পদ্ধতির প্রবর্তন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আইপিএল ও বিপিএলসহ আন্তর্জাতিক বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তার স্লোয়ার, কাটার ও ভ্যারিয়েশন ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।

এই অভিজ্ঞতার কারণেই ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে তাকে দলে নিতে বিশেষ আগ্রহ দেখিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক তরুণ স্পিনার রিশাদ হোসেনের নাম থাকলেও শেষ পর্যন্ত তাকে কোনো দল কেনেনি।

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের সপ্তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমান আনন্দ প্রকাশ করে লিখেছেন যে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য তিনি অপেক্ষায় আছেন বলে জানান এবং সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ এম/ ১৩ মার্চ ২০২৬



Scroll to Top