
ঢাকা, ৮ সেপ্টেম্বর – দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনের হিসাবে এটিই সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, নতুন মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৭৫ জনে। নতুন করে ভর্তি হওয়া রোগীদের তথ্যে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৬ জন এবং দক্ষিণ সিটি এলাকায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৪০৮ জন রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৪২ জন, বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১১৭ জন এবং রাজশাহীতে ১১৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে আটজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে।
রেকর্ড অনুযায়ী ২০২৩ সাল ছিল ডেঙ্গুর জন্য সবচেয়ে ভয়াবহ বছর। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছরও চার শতাধিক মানুষের মৃত্যু ও প্রায় ১ লাখ ২ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।
এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬
