'দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে প্রবাসীদের সচেতন থাকবে হবে'

'দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে প্রবাসীদের সচেতন থাকবে হবে'

প্রবাসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে প্রবাসীদের সচেতন থাকার আহ্বাব জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নুরে আলম মিনা।

তিনি বলেন, প্রবাসে বসে অনেকে দেশকে নিয়ে অনেক অপপ্রচার করেন। ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত হয়। আমাদের সাধারণ প্রবাসী ভাইয়েরা অনেকে বিভ্রান্ত হয়ে এতে লাইক-কমেন্ট দেন, শেয়ার করেন। আমি সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে বলব। সবাই যেন একটু ভেরিফাই করে লাইক-কমেন্ট কিংবা শেয়ার করেন।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালেয় চালু প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন শেষে বিভিন্ন দেশের সিআইপিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের তুলে ধরা কয়েকটি প্রসঙ্গে ডিআইজ নুরে আলম মিনা বলেন, হুন্ডি, বিকাশ, নগদ যে আমাদের ক্ষতি করছে, এটা তো রিজার্ভ দেখলেই বোঝা যায়। এটি বাংলাদেশ ব্যাংক নিশ্চয় দেখবে। পুলিশের পক্ষে বেশি কিছু এক্ষেত্রে করা সম্ভব নয়। আর ইমিগ্রেশনে শুধু সিল মারা পুলিশের কাজ। এখানে আরও কয়েকটি সংস্থা কাজ করে। কয়েকদিন আগে পুলিশ সদর দফতর থেকে আমাদের প্রত্যেক ইউনিটে চিঠি দিয়ে প্রবাসীদের সব কাজে সহায়তা ও গুরুত্ব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সুতরাং পুলিশের শীর্ষপর্যায়ও এটাকে গুরুত্ব দিচ্ছে।

প্রবাসীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে যুগান্তকারী অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। তারপরও দেশে রেমিটেন্স যোদ্ধারা অবহেলার শিকার হবেন, প্রবাসে বসে পরিবারের নিরাপত্তাহীনতা বা দুষ্টচক্রের দ্বারা অর্জিত জমি-সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার খবরে উদ্বিগ্ন থাকবেন, দেশে এসে হয়রানির শিকার হবেন, আইনগত বিষয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন-তা কোনোভাবেই কাম্য হতে পারে না। প্রবাসীদের সহযোগিতার নৈতিক দায়িত্ববোধ থেকেই সহায়তা ডেস্কের কার্যক্রম চালু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ব্যবস্থাপনা) রওশন আরা রবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার রায়, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রবাস বিষয়ক কনসালটেন্ট এজাজ মাহমুদ, বাংলাদেশ কমিউনিটি কাতারের সম্পাদক নুর মোহাম্মদ, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আশরাফুর রহমান, প্রবাসী সিআইপি ও কুয়েত কমিউনিটি সংগঠক আবুল কাশেম বক্তব্য রাখেন।

এর আগে ডিআইজির কার্যালেয় চালু প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন করা হয়। এ ডেস্ক, যার মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সহায়তা ডেস্কগুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকি করা হবে। ২৪ ঘণ্টা সক্রিয় এ ডেস্কের মাধ্যমে প্রবাসীরা তাদের পারিবারিক সমস্যা, নিরাপত্তাহীনতা, পুলিশ ক্লিয়ারেন্স, দেশে চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয়ে সব ধরণের সহায়তা পাবেন। প্রবাসে বসেই বাংলাদেশিরা সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ নানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেস্কের সঙ্গে যোগাযাগ করতে পারবেন।

Scroll to Top