গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের গড়া রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের বরিশাল জেলার নুসরাত জাহান নিপা। চপস্টিক দিয়ে এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছেন তিনি।
এর আগে, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন নিপা। বাংলাদেশ থেকে নারী হিসেবে পরপর দুইবার বিশ্বরেকর্ড করেছেন তিনি।
সোমবার ( ২২ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন, বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা।
নিপা জানান, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে এবং এবারে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে ইতালির রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন। এর আগের বারেও ইতালীকে পেছনে ফেলেছিলেন। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছেন। কয়েন দিয়ে বিশ্বরেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড রেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে। ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।
নুসরাত জাহান বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।
নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। এছাড়া বর্তমানে বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।





