জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে (১৪ সপ্তাহে) ৭৯টি মামলায় বিএনপির ১ হাজার ২৪৯ নেতা–কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। তিনি বিএনপির আইনবিষয়ক সম্পাদকও।
সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সহসভাপতি এম বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব মো. রুহুল কুদ্দুস ও ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কায়সার কামাল বলেন, ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন স্তব্ধ করে দিতে সরকার গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত বিএনপির ২১ হাজার ৮৩৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।





