দুই বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়: উপদেষ্টা – DesheBideshe

দুই বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়: উপদেষ্টা – DesheBideshe

বিদ্যুৎ ভবন, ৮ ফেব্রুয়ারি – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান মন্তব্য করেছেন যে দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। রোববার বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন এবং বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত মহাপরিকল্পনা পর্যালোচনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা উল্লেখ করেন, সরকারের মেয়াদের স্বল্পতার কারণে এই খাতে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ পাওয়া যায়নি। উদাহরণ হিসেবে তিনি জানান, সৌদি আরবের রাজপরিবারের একজন সদস্য বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চেয়েছিলেন। সরকারের মেয়াদ কিছুটা দীর্ঘ হলে এই বিনিয়োগ আসার সম্ভাবনা ছিল এবং আরেকটি এফএসআরইউ স্থাপন করা যেত, যা স্বল্প মেয়াদের কারণে সম্ভব হয়নি।

বিগত সরকারের আমলের দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে ফাওজুল কবির খান জানান, বিভিন্ন অনিয়ম চিহ্নিত করা হয়েছে এবং এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। তিনি আরও জানান, একটি জাতীয় কমিটি ও ট্যারিফ কমিটি গঠন করে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করা হয়েছে, যা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে। বিগত সরকারের বিদ্যুৎ প্রকল্পগুলো সম্পর্কে তিনি বলেন, সেগুলোর কোনোটিই ক্যাবিনেট কমিটির অনুমোদন নেয়নি এবং অর্থ বিভাগও এ বিষয়ে কোনো অনুমোদন দেয়নি বলে জানিয়েছে।

বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধের বিষয়ে উপদেষ্টা বলেন, বকেয়া পরিশোধ না করলে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি থাকায় অনেক বিদেশি কোম্পানির পাওনা আগে পরিশোধ করতে হয়েছে। আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সরকার নিজের ইচ্ছামতো কোনো আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে চায় না এবং এ বিষয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন রমজান ও ভবিষ্যতের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, লোডশেডিং একদম হবে না এমন দাবি না করলেও, আগামী সরকার কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না। এলপি গ্যাস আমদানির উদ্যোগ নেওয়ায় সেখানেও কোনো সংকট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এবং পিডিবির চেয়ারম্যান রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top