দীর্ঘ সাত মাসের বিরতি শেষে অভিনয়ে ফিরলেন নিলয় আলমগীর – DesheBideshe

দীর্ঘ সাত মাসের বিরতি শেষে অভিনয়ে ফিরলেন নিলয় আলমগীর – DesheBideshe

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘ প্রায় সাত মাসের বিরতি কাটিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবনে ফিরলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানে স্ত্রী তাসনুভা তাবাসসুমের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গত নভেম্বরে বাবা হওয়ার আনন্দও উপভোগ করেছেন এই তারকা। দীর্ঘ প্রবাস জীবন শেষে স্ত্রী ও সন্তানসহ সম্প্রতি দেশে ফিরেছেন নিলয়।

দেশে ফিরেই গত রবিবার থেকে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। নির্মাতা নাজমুল রনির পরিচালনায় বেশ কয়েকটি নাটকের মাধ্যমে তিনি কাজে ফিরলেন। নির্মাতা জানান, দীর্ঘ বিরতির পর নিলয় ভাইয়ের সঙ্গে কাজ শুরু হলো। রবিবার থেকে শুরু হওয়া শুটিং এখনো চলমান রয়েছে। ইতিমধ্যেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত একটি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে, যেখানে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা।

নাটকটির নাম এখনো চূড়ান্ত না হলেও এটি কমেডি ঘরানার গল্প নিয়ে তৈরি বলে জানিয়েছেন পরিচালক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিলয়ের বিশাল দর্শকশ্রেণি নাটকটি পছন্দ করবেন। এছাড়া নাজমুল রনির পরিচালনায় আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি। উল্লেখ্য, দেশের বাইরে অবস্থানকালেও নিলয় অভিনীত মায়াবনের হরিণ, অন্য মানুষ, বাঁচবো না, পিতাপুত্রের বয়স ও ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top