ঢাকা, ১৫ জানুয়ারি – দীর্ঘ এক যুগ পর আবারও বড় পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান এবং এরপর নিয়মিতভাবে নাটকেই কাজ করে আসছিলেন। এবার জানা গেছে, তিনি নতুন করে দুটি সিনেমায় অভিনয় করছেন।
জানা যায়, ইয়ামিন ইলানের পরিচালনায় নতুন সিনেমা ‘ঝামেলা’তে অভিনয় করছেন ডলি জহুর। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পুরোপুরি মৌলিক একটি পারিবারিক গল্প নিয়ে তৈরি হচ্ছে।
নির্মাতা জানান, শুরুতে ডলি জহুর সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে রাজি ছিলেন না। তবে গল্প শোনার পর তিনি সম্মতি দেন। নির্মাতার আশা, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।
‘ঝামেলা’ সিনেমায় ডলি জহুরের সঙ্গে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেক শিল্পী।
এদিকে সম্প্রতি সিনেমাটির শেষ অংশের শুটিং শুরু হয়েছে। চলতি বছরের কোনো একটি ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাতেও ডলি জহুরকে দেখা যাবে। এতে তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। এই সিনেমার শুটিংও শেষ পর্যায়ে রয়েছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সিনেমাটির বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে করা হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরার বিষয়ে ডলি জহুর সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, তিনি আসলে সিনেমায় আর ফিরতে চাননি। এখনো তিনি কমার্শিয়াল ফর্মুলাভিত্তিক সিনেমায় অভিনয় করতে চান না। তবে এই দুটি সিনেমার গল্প এবং নির্মাণপ্রক্রিয়া শুনে তার মনে হয়েছে কাজগুলো করা যায়। পাশাপাশি সিনেমা দুটিতে নাটকের অনেক পরিচিত শিল্পী অভিনয় করছেন, যাদের সঙ্গে তার নিয়মিত কাজ ও দেখা হয়। সব মিলিয়েই এই দুই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬





