প্রথম ম্যাচে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দলের জয়ে বড় অবদান রাখলেন মোস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টিতে (আইএলটি২০) ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ২.৫ ওভারে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তাঁর সঙ্গে নূর আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৪৫ রানের জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে ক্যাপিটালস। জবাবে নূর আহমেদের চার উইকেটের পাশাপাশি মোস্তাফিজের দুই শিকারে ১৭.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় ডেজার্ট ভাইপার্স। দুবাইয়ের এটা প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে হেরেছিল মোস্তাফিজের দল।
বোলিংয়ে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন মোস্তাফিজ। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ফেরান পাকিস্তানের ওপেনার ফখর জামানকে। কাটার ও স্লোয়ারের চেনা অস্ত্রো কাজে লাগিয়ে ফখরকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মোস্তাফিজ। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার।
এরপর নিজের তৃতীয় ওভারে ফিরে শেষ উইকেট হিসেবে মুজিব উর রহমানকে আউট করেন মোস্তাফিজ। স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ২ রানেই থামেন মুজিব। তাতে ১২ রানেই দুই উইকেট নিয়ে বোলিং শেষ করেন বাংলাদেশের পেসার। তাঁর ইকোনমি রেট ছিল ৪.২৩।
এই ম্যাচে দুই উইকেট নিয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে মোস্তাফিজের মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪২৫। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অ্যাডাম জাম্পাকে পেছনে ফেলেছেন তিনি। তবে শীর্ষ দশে জায়গা পেতে এখনো অনেক উইকেট প্রয়োজন মোস্তাফিজের। বাংলাদেশের সাকিব আল হাসান ৫২৫ উইকেট নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
মোস্তাফিজের দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ২৭ নভেম্বর, শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে।



