
চেন্নাই, ১৭ জুলাই – তামিল সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর বর্তমান সক্রিয় রাজনীতিবিদ থালাপতি বিজয়ের অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে তার ৬৯তম চলচ্চিত্র ‘জন নায়গন’। আগামী ২৩ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে এক অভূতপূর্ব উন্মাদনার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ায় বিজয়ের এই বিদায়ী সিনেমাটি নিয়ে চলচ্চিত্র পাড়ায় এখন মূল আলোচনার বিষয় হলো এর বক্স অফিস সাফল্য। সিনেমা বিশ্লেষকদের মতে, বিজয়ের সামনে এখন দুটি বড় মাইলফলক রয়েছে।
প্রথমটি হলো তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘লিও’, যা বিশ্বব্যাপী ৬০৬ কোটি রুপি আয় করেছিল। দ্বিতীয়টি হলো ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘গোট’, যার মোট আয় ছিল ৪৫৮ কোটি রুপি। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, দর্শকদের বিদায়ী আবেগ ও রাজনৈতিক প্রভাব মিলিয়ে ‘জন নায়গন’ বিজয়ের ক্যারিয়ারের শ্রেষ্ঠ উপহার হতে পারে।
বিজয় বরাবরই ভারতের বাইরের বাজারে ব্যাপক প্রভাবশালী। এর আগে ‘লিও’ সিনেমার মোট আয়ের ২০৪ কোটি এবং ‘গোট’ সিনেমার ১৬৫ কোটি রুপি এসেছিল আন্তর্জাতিক বাজার থেকে। ‘জন নায়গন’ মুক্তির আগেই টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রায় ৩৫ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে ২৫ কোটি রুপির বেশি এসেছে আন্তর্জাতিক বাজার থেকে এবং ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে প্রায় ৭ কোটি রুপি। বিশেষ করে মালয়েশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে টিকিট ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার টিকিট বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ‘জন নায়গন’ সিনেমার রেকর্ড গড়ার পেছনে কিছু বিশেষ সুবিধা কাজ করছে। এটি বিজয়ের প্রধান অভিনেতা হিসেবে শেষ সিনেমা হওয়ায় ভক্তদের মধ্যে এক ধরনের আবেগঘন আগ্রহ কাজ করছে।
একইসঙ্গে সিনেমাটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় বড় পরিসরে মুক্তি পাচ্ছে এবং কাছাকাছি সময়ে অন্য কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না থাকায় এটি একক আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে।
তবে ‘লিও’ বা ‘গোট’-এর আয়কে ছাড়িয়ে যেতে হলে কেবল ভালো শুরুই যথেষ্ট নয়, সিনেমাটিকে মুক্তির পরবর্তী সময়গুলোতেও দর্শকদের ইতিবাচক সাড়ার জোয়ার ধরে রাখতে হবে। আগামী ২৩ জুলাই মেগা মুক্তির পরেই বিষয়টি স্পষ্ট হবে যে বিজয় তার নিজের গড়া রেকর্ড নতুন করে লিখতে পারছেন কি না।
এস এম/ ১৭ জুলাই ২০২৬







