থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭ | চ্যানেল আই অনলাইন

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭ | চ্যানেল আই অনলাইন

থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ডেবসিরিন ননতাবুরি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এসময় অনেক শিক্ষককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জরুরি সেবাকর্মীদের প্রকাশিত ছবিতে দেখা যায়, একজন আহতকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শোয়ানো হয়েছে এবং আরেকজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

১৮ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কোথাও আতশবাজি ফোটানো হচ্ছে অথবা কেউ জোরে কোনো বস্তু আঘাত করছে। তিনি বলেন, প্রথমে বুঝতেই পারিনি যে গুলি চলছে। একের পর এক অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ থেমে আবার গুলির শব্দ শুরু হয়।

জাতীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ত্রিরং ফোফান জানান, হামলায় নিহত সাতজনের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী প্রসার্ট জান্তারারুয়াংথং জানিয়েছেন, নিহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী  উভয়ই রয়েছেন। পুলিশও নিশ্চিত করেছে, হামলাকারী একজন শিক্ষার্থী।

চলতি বছরে থাইল্যান্ডে এটি দ্বিতীয় স্কুলে গুলির ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় একজন শিক্ষক নিহত এবং একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।

Scroll to Top