তিন দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর – DesheBideshe

তিন দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর – DesheBideshe

তিন দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর – DesheBideshe

লালমনিরহাট, ০৪ জানুয়ারি – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধ থাকবে আমদানি ও রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীর চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ থেকে ৭ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অপরদিকে ভারতীয় চ্যাংরাবান্ধার ব্যবসায়ীরাও বন্ধ রাখবেন।

নির্বাচন উপলক্ষে বুড়িমারী স্থল বন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত দুইদিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছে।

তবে ৮ জানুয়ারি (সোমবার) বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম দুইদিন বন্ধ থাকলেও অভিবাসন চৌকি হয়ে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত চালু থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

Scroll to Top