তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে দুপুরের পর বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিদায়ের সময় বিমানবন্দরে তার সম্মানে আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সফরের শুরুতে তিনদিন আগে বেইজিং পৌঁছান ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে টানা দুইদিন বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান প্রসঙ্গও গুরুত্ব পায়। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে চীন জানিয়েছে, দ্বীপটিকে তারা একীভূত করার পরিকল্পনা থেকে সরে আসবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে বেইজিং।
বাণিজ্যিক আলোচনায় সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের ২০০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে সফরকালে ট্রাম্প বেইজিংয়ের কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করেন।







