তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন শেহবাজ শরিফ – DesheBideshe

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন শেহবাজ শরিফ – DesheBideshe

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো পরিকল্পনা রয়েছে।

শনিবার বিএনপির শীর্ষ এক নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে শপথের সুনির্দিষ্ট তারিখ এবং অতিথি তালিকা এখনও চূড়ান্ত হয়নি। একই দিনে ভারতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার মধ্যে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের প্রস্তুতি চলছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি এই কথা নিশ্চিত করেন।

পোস্টে মোদি লেখেন, ‘‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানালাম।’’

একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও তারেক রহমানকে অভিনন্দন জানান।

শেহবাজ শরিফ বলেন, আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার জন্য নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top