
দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা কমাতে সরকার তিন মাসের একটি বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। সম্ভাব্য রোগী বৃদ্ধির কথা বিবেচনায় রেখে হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আলোচনা অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন এম এ মুহিত। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে দেশে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।
বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি। আত্মহত্যার হার কমাতে সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
