
কায়রো, ৩ জুলাই – বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের লক্ষ্যে ডালাসে পৌঁছেছে মিশরীয় ফুটবল দল। তবে ম্যাচ শুরুর আগেই টিম হোটেলের সামনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ডালাসে মিশরের টিম হোটেলে পৌঁছায় ফুটবলাররা।
সেখানে প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখতে ভিড় করেছিলেন বেশ কয়েকজন সমর্থক। খেলোয়াড়রা হোটেলে প্রবেশের সময় এক শিশু ভক্তের সাথে ছবি তুলতে এগিয়ে যান এক ফুটবলার। এ সময় কর্তব্যরত ডালাস পুলিশের এক সদস্য বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মিশর দলের প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কোচিং স্টাফের সদস্যদের ধাক্কা দিচ্ছেন।
এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে তার কোমরে থাকা পিস্তলে হাত দিতেও দেখা যায়। তবে উপস্থিত সবার হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ইব্রাহিম হাসানকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে সমর্থকদের অনেকেই খেলোয়াড়দের সান্নিধ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে মিশরের।
এস এম/ ৩ জুলাই ২০২৬







