‘ডামি সরকারের নির্যাতন-নিপীড়নে বিএনপির আর্থিক অবস্থা বিপন্ন’

‘ডামি সরকারের নির্যাতন-নিপীড়নে বিএনপির আর্থিক অবস্থা বিপন্ন’

ডামি সরকারের নির্যাতন-নিপীড়নে বিএনপির আর্থিক অবস্থা বিপন্ন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকে গরিব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহাদাত বলেন, বিগত দেড় দশক ধরে বর্তমান ডামি সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন। এই অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। মাঘ মাসের শীতের তীব্রতায় অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। এর মধ্যে শীতের তীব্রতা তাদের জন্য মরার উপর খাঁড়ার ঘা’র মত।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অসহায় গরীর মানুষের কথা ভুলে গেছে। তারা আছে নিজেদের নিয়ে, আর দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটপাটে। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ভুলে যায়নি। করোনাকালীন দুর্যোগ সময়ে বিএনপি জনগণের পাশে ছিল।

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ক্ষমতাসীনদের সীমাহীন লুটপাট, দেশের অর্থ বিদেশে পাচার করার ফলে মানুষের অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে। তাই বিএনপি চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সিনিয়র সহসভাপতি সখিনা বেগম, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, ফরিদা আক্তার, আলতাজ বেগম, সহসাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক কোহিনুর বেগম, পাহাড়তলী থানা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, বায়েজিদ থানার সভাপতি মনোয়ারা বেগম হেনা, খুলশী থানার সভাপতি মনি আক্তার প্রমুখ।

Scroll to Top