বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য নারী চিকিৎসাবিজ্ঞানী ড. হানান হাসান বালখিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সৌদি আরব। জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
সোমবার (২৪ আগস্ট) হানান বালখির মনোনয়নের ঘোষণা দেয় সৌদি আরব বলে জানিয়েছে সৌদি গেজেট। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ডব্লিউএইচওর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হানান বালখি। সংস্থাটির দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক তিন স্তরেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
হানান বালখিকে মনোনয়নের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একজন অভিজ্ঞ নারী স্বাস্থ্য বিশেষজ্ঞকে এগিয়ে আনল সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তার অভিজ্ঞতা ডব্লিউএইচওর কার্যক্রম আরও কার্যকর করতে এবং সদস্যদেশগুলোর প্রয়োজন অনুযায়ী সংস্থাটির সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
সৌদি আরব জানিয়েছে, ডব্লিউএইচওর কার্যক্রমে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি আরও জোরদার করার লক্ষ্য রয়েছে তাদের। একই সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং দেশগুলোকে আরও দক্ষ, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করতে চায় রিয়াদ।
সৌদি সরকারের ভাষ্য, হানান বালখির মনোনয়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভূমিকার প্রতি তাদের আস্থার প্রতিফলন। একই সঙ্গে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জনকল্যাণে আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার জানিয়েছে দেশটি।
স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগে আরও সক্রিয়ভাবে কাজ করার কথাও জানিয়েছে সৌদি আরব।
২০২৭-২০৩২ মেয়াদের জন্য ডব্লিউএইচওর পরবর্তী মহাপরিচালক নির্বাচনে হানান বালখির মনোনয়ন সৌদি আরবের বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতিতে আরও সক্রিয় হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
