এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে লক্ষ্য করে হত্যার পরিকল্পনাসহ তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে উপস্থাপন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প প্রশাসন চরম সামরিক পথ বেছে নিতে পারে। পেন্টাগন নাকি বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় একাধিক বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে। এর মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী মোল্লাতন্ত্রকে সরাসরি লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনা সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আরও জোরদার করছে। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে সীমিত পরিসরে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে, তবে শর্ত থাকবে। কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরির পথ খোলা রাখা যাবে না।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, তেহরান যদি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না দেয়, তবে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এমন একটি চুক্তিই চান যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সফলতা হিসেবে তুলে ধরা সম্ভব হবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা একটি লিখিত প্রস্তাব তৈরির কাজ করছেন, যা আগামী কয়েক দিনের মধ্যে উপস্থাপন করা হতে পারে। তার দাবি, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের নিশ্চয়তা দিতে প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।




