দুই মাস পর অবিশ্বাস্যভাবে বদলে ফেলা হয়েছে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালের ফলাফল। বিজয়ী সেনেগালের পরিবর্তে মরক্কোকেই বিজয়ী ঘোষণা করেছে আফকন কর্তৃপক্ষ। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সেনেগাল। বিতর্কিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলাও করেছেন তারা।
মরক্কোর রাজধানী রাবাতে গত ১৮ জানুয়ারির ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় সেনেগাল। ঘটনাবহুল ওই ম্যাচের এক পর্যায়ে রেফারির বিতর্কিত সিদ্ধা্ন্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় তারা। পরবর্তীতে সেই ম্যাচে জয়ী হয়ে শিরপা উঁচিয়ে ধরে সেনেগাল।
সেনেগালের ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়ার ওই ঘটনার প্রেক্ষিতেই ফাইনালের ফল বাতিলের জন্য আপিল করে মরক্কো। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সময় বুধবার ভোরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ। সিএএফের দেওয়া বিবৃতিতে বলা হয়, সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।
সেনেগালের মতে, সিএএফের এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলের এক কালো অধ্যায় হয়ে থাকবে, ‘সেনেগাল ফুটবল ফেডারেশন এই অন্যায্য, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে, যা আফ্রিকান ফুটবলের বাজে এক অধ্যায় হয়ে থাকবে। নিজেদের অধিকার ও সেনেগালের ফুটবলের স্বার্থ রক্ষায় ফেডারেশন খুব দ্রুত লুসানের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে।’
শেষ পর্যন্ত সেনেগাল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

