টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু: লাহোরে বিসিবি-পিসিবি ও আইসিসির সফল বৈঠক – DesheBideshe

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু: লাহোরে বিসিবি-পিসিবি ও আইসিসির সফল বৈঠক – DesheBideshe

লাহোর, ৯ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। এই ইস্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে আইসিসিকে চাপে ফেলেছিল পাকিস্তান। সংকট নিরসনে গতকাল লাহোরে আইসিসি ও পিসিবির সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ত্রিপক্ষীয় এই বৈঠকটি সফল হয়েছে বলে জানা গেছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মূলত পাকিস্তানকে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইসিসি। সংকট সমাধানে একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। এর আওতায় বাংলাদেশ আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে। এছাড়া বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। আইসিসি ও বিসিবির মধ্যে এই আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলে আবারও আলোচনায় বসতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top