টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করল পাকিস্তান – DesheBideshe

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করল পাকিস্তান – DesheBideshe

ঢাকা, ১১ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতা এখনও কাটেনি। নিরাপত্তা শঙ্কা ও ‘মুস্তাফিজ ইস্যুতে’ ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। পিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইসিসি চাইলে পাকিস্তানের ভেন্যুগুলো বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ঘটনার সূত্রপাত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। উগ্রবাদীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠলেও কেকেআর, আইপিএল কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এর ফলে বিষয়টি ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়েও প্রভাব ফেলেছে।

এ পরিস্থিতির জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে আজ গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহর। তবে বৈঠকটি আদৌ হয়েছে কি না, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজনের মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্রিকেটের আস্থা অর্জন করেছে। শ্রীলঙ্কায় ভেন্যু সংকট দেখা দিলে বিকল্প হিসেবে পাকিস্তান বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে পারে বলেও মনে করছে পিসিবি।

বর্তমান সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬



Scroll to Top