টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা | চ্যানেল আই অনলাইন

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

আজ (২২ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আর্থিক সমঝোতা। সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স প্রথমে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। এরপর ২০১৯ সালের একটি আইনি সমঝোতা বাতিলের পর আরও ১০ কোটি ডলার দিতে হবে।

মামলা শুরুর সময়ের তুলনায় এখন শিশু ও অভিভাবকেরা আরও ভালোভাবে সুরক্ষিত। এর আগে একই আইনের আওতায় ইউটিউবকে ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং এপিক গেমসকে ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল। মামলার পর টিকটকের মালিকানা কাঠামো, গোপনীয়তা নীতি ও তরুণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন বিচার বিভাগ টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর কাছ থেকে টিকটক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। অথচ মার্কিন আইনে এ বয়সী শিশুদের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক।

Scroll to Top