টপ এন্ড টি-টোয়েন্টি: টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি – DesheBideshe



ঢাকা, ২৬ আগস্ট – ডারউইনের মারারা ওভালে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে অ্যাডিলেড একাডেমির কাছে ২১ রানে পরাজিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপি ১৪৩ রানেই অলআউট হয়ে যায়।

ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একা লড়াই চালিয়ে যাওয়া আরিফুল ইসলাম ৬৬ রানের এক অনবদ্য ইনিংস খেললেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় অধরাই থেকে যায়।

সাব্বির রহমান ও অধিনায়ক ইরফান শুক্কুর ব্যক্তিগত ৫ রান করে আউট হলে চাপে পড়ে দল। পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন আরিফুল। শামীম ১৮ বলে ১৮ রান করে বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

মাত্র ৮ বলের ব্যবধানে শেষ ৫টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ এইচপি। এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে অ্যাডিলেড একাডেমি। তারা নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে হেনরি হান্ট ২৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান আবদুল গাফফার সাকলাইন। তিনি চারটি উইকেট শিকার করেন। এছাড়া মিস্ট্রি স্পিনার রুবেল তিনটি এবং আবু হায়দার রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন। টানা তিন জয়ের পর এই পরাজয়ে পয়েন্ট টেবিলে কিছুটা ধাক্কা খেল বাংলাদেশ এইচপি।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬



Scroll to Top