লাহোর, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরেও। জ্বালানি সমস্যার কারণে পিএসএল আয়োজক কমিটি এবারের আসর ছয়টি ভেন্যুর পরিবর্তে শুধুমাত্র লাহোর এবং করাচিতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সবগুলো ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। টুর্নামেন্টের কোনো ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়নি, কেবল ভেন্যুতে রদবদল এসেছে।
আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, মানুষকে তাদের চলাচল সীমিত করার কথা বলা সম্ভব নয়। প্রতিদিন স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে। তাই যতদিন এই জ্বালানি সমস্যা থাকবে, ততদিন ম্যাচে কোনো দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত হলেও বাধ্য হয়েই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। পাশাপাশি পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে এবং পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এরপর ২১ এপ্রিল লিগ আবারও লাহোরে ফিরবে। ওই দিন আসরের দুটি ম্যাচ রয়েছে, যার একটি দিনে লাহোরে এবং অন্যটি রাতে করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে এমন বিভক্ত ম্যাচ আরও অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫ এবং ২৬ এপ্রিল। আগের সূচি অনুযায়ী কোয়ালিফায়ার ম্যাচটি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। তবে ২১ এপ্রিল এবং ১ মে নির্ধারিত দুটি এলিমিনেটর ম্যাচ লাহোরেই অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও লাহোরেই আয়োজিত হবে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬






