নোভাক জোকোভিচ একাধিক ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ‘একাধিক’ শব্দটা অবশ্য এখানে ঠিক খাপ খাচ্ছে না। টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা কয়টি ভাষায় কথা বলেন, এমন সার্চ করলে গুগল সার্বিয়ান ছাড়া আরও পাঁচটি ভাষা হাইলাইটস করে দেখায়—স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংরেজি, ইতালিয়ান ও জার্মান। এর বাইরে চীনা, জাপানিজ, আরবি, পর্তুগিজও একটু-আধটু বলতে পারেন—এমন ‘প্রমাণ’ও আছে।
ভাষার দিক থেকে জোকোভিচকে বহুমুখী বলাই যায়। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে jকাল রড লেভার অ্যারেনায় অবশ্য জোকোভিচ দেখালেন, টেনিসের বাইরে অন্য খেলাতেও ‘স্কিল’ একেবারে ‘মন্দ’ নয় তাঁর! চাইলে টেনিস বাদে অন্য যেকোনো খেলাতেও জোকোভিচের উন্নতির ‘ভালো’ সুযোগ ছিল, সেটি বলাই যায়!



