জুলাই সনদ বিষয়ে জনগণের রায় বাস্তবায়নে একচুলও ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি মান-অভিমান ভুলে জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলের মাল্টিপারপাস হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে ১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে তারা অনড় অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে জোট কাজ করে যাবে বলেও জানানো হয়।
ডা. মো. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত মান-অভিমানকে প্রাধান্য না দিয়ে জনগণের দেওয়া রায়কে সম্মান জানানো উচিত। তিনি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বক্তারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।





