জার্মানে মাত্র ১০ শতাংশ পরিবারের প্রধান উপার্জনকারী নারী | চ্যানেল আই অনলাইন

জার্মানে মাত্র ১০ শতাংশ পরিবারের প্রধান উপার্জনকারী নারী | চ্যানেল আই অনলাইন

জার্মানে মাত্র ১০ শতাংশ পরিবারের প্রধান উপার্জনকারী নারী-এমন তথ্য প্রকাশ করেছে দেশটির ফেডারেল পরিসংখ্যান দপ্তর।

দপ্তরটির তথ্য অনুযায়ী, যেখানে কোনো নারী দম্পতির মোট আয়ের কমপক্ষে ৬০ শতাংশ উপার্জন করেন, এমন পরিবারের হার ২০২১ সালে ১০.৫ শতাংশ থেকে ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৯.৯ শতাংশে।

অন্যদিকে, এখনও অধিকাংশ পরিবারের প্রধান উপার্জনকারী পুরুষরা। ২০২৫ সালে এ হার ৫৫.৮ শতাংশ, যা ২০২১ সালের ৫৯ শতাংশ থেকে কিছুটা কমেছে।

উইসবাডেনভিত্তিক সংস্থাটি জানায়, “আয়ের বণ্টনের ক্ষেত্রে সামগ্রিকভাবে লিঙ্গ বৈষম্যে সাম্প্রতিক বছরগুলোতে তেমন পরিবর্তন আসেনি।”

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক জরিপ ইউরোপীয় পরিসংখ্যান অন ইনকাম অ্যান্ড লিভিং-কন্ডিশনস (ইইউ-এসআইএলসি) থেকে এ তথ্য  নেওয়া হয়েছে।

আয় প্রায় সমান এমন পরিবার বেড়েছে
প্রায় এক-তৃতীয়াংশ (৩৪.৩ শতাংশ) দম্পতির ক্ষেত্রে নারী-পুরুষের আয় প্রায় সমান। ২০২১ সালে এ হার ছিল ৩০.৭ শতাংশ। অর্থাৎ সমান আয়ের পরিবারের সংখ্যা বেড়েছে।

সন্তান থাকলে বৈষম্য বেশি
যেসব দম্পতির পরিবারে সন্তান নেই, সেখানে আয় বৈষম্য তুলনামূলক কম। এমন ক্ষেত্রে ১১.৪ শতাংশ পরিবারে নারী বেশি আয় করেন, আর ৫০.১ শতাংশ পরিবারে পুরুষ প্রধান উপার্জনকারী।

তবে সন্তান থাকা পরিবারে নারীর প্রধান উপার্জনকারী হওয়ার হার আরও কম-মাত্র ৭.৭ শতাংশ। বিপরীতে ৬৪.৬ শতাংশ ক্ষেত্রে পুরুষই প্রধান আয়কারী।

Scroll to Top