‘জাপান ও ফিনল্যান্ডের শিক্ষাক্রম হঠাৎ আসেনি’

‘জাপান ও ফিনল্যান্ডের শিক্ষাক্রম হঠাৎ আসেনি’

গত বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া জাতীয় শিক্ষাক্রম-২০২০ নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, এই শিক্ষাক্রম প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে জাপান ও ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার কথা বলা হচ্ছে। বছরের পর বছর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ-পর্যালোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে তাদের (জাপান ও ফিনল্যান্ড) শিক্ষাক্রম তৈরি হয়েছে, হঠাৎ করে আসেনি।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক ও নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে আনু মুহাম্মদ এসব কথা বলেন। গত বছরের নভেম্বরে নতুন শিক্ষাক্রম নিয়ে আন্দোলনকারী তিনজন অভিভাবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শাহবাগে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘যেকোনো বিষয়ে ভিন্নমতকে পর্যালোচনা করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য তাঁদের গ্রেপ্তার করতে হবে কেন? এর মাধ্যমে সরকার বার্তা দিচ্ছে যে শিক্ষা নিয়ে অভিভাবক-শিক্ষক কেউ কোনো ভিন্নমত প্রকাশ করতে পারবেন না। তারা যা করবে, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই স্বৈরতন্ত্রী ও ফ্যাসিবাদী চিন্তা শিক্ষাকে গ্রাস করলে শিক্ষার চলমান বিপর্যয় আরও বাড়বে।’

Scroll to Top